বেলকুচিতে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে মহাসমারোহে শারদীয় দুর্গোৎসব উদযাপিত
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া (কাঠেরপুল) এলাকার দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব ১৪৩৩ সালাব্দ অনুষ্ঠিত হয়েছে। দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের মূল কমিটি ও তরুণ ভক্তবৃন্দের সার্বিক সহযোগিতায় এ পূজার আয়োজন করা হয়।
প্রতিবারের ন্যায় এবারও মন্দির কমিটির সকল সদস্যকে সাথে নিয়ে নিজস্ব অর্থ, শ্রম ও মেধা দিয়ে উৎসবটি সফল করার মূল কারিগর ছিলেন বেলকুচির কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রসাদ কুমার সাহা। তিনি কৃষ্ণচূড়া ফ্যাশন লিমিটেড, কৃষ্ণচূড়া ডিজাইন লিমিটেড এবং কে এস সোয়েটার ফ্যাশন-এর ব্যবস্থাপনা পরিচালক ও দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতির দায়িত্ব পালন করছেন।
উৎসবে মন্দির প্রাঙ্গণে আগত প্রায় ২৫ হাজার দর্শনার্থী ও ভক্তদের জন্য প্রসাদ কুমার সাহা নিজ উদ্যোগে বিশেষ মহাপ্রসাদ ও খাবারের ব্যবস্থা করেন। এছাড়া বিজয়া দশমীর শুভলগ্নে সেবাশ্রমের সকল সদস্য ও স্থানীয়দের মাঝে মানসম্মত সুন্দর টি-শার্ট বিতরণ করা হয়।
নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে প্রসাদ কুমার সাহা বলেন, "আগামীতে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের মন্দির সম্প্রসারণ এবং আধুনিকায়নের লক্ষ্যে বেশ কিছু উন্নয়নমূলক কাজ করার ইচ্ছা রয়েছে।"
উল্লেখ্য, প্রসাদ কুমার সাহার পিতা স্বর্গীয় ভজন কুমার সাহা ব্যক্তিজীবনে একজন দানশীল মহৎ প্রাণের মানুষ ছিলেন। তিনি বেলকুচি সুবর্ণসাড়া মহাশ্মশানের প্রতিষ্ঠাতা ছিলেন এবং রামকৃষ্ণ মন্দিরসহ এলাকার বিভিন্ন ধর্মীয়ত ও সামাজিক প্রতিষ্ঠানে অপূরণীয় অবদান রেখে গেছেন। বাবার সুযোগ্য উত্তরসূরি হিসেবে প্রসাদ কুমার সাহাও ধারাবাহিকভাবে এলাকার সামাজিক, ধর্মীয় ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।