সিলেটের ‘সেভেন স্টার ইলেকট্রিক’-এর নূর আলমের বিরুদ্ধে সিরাজগঞ্জের ব্যবসায়ীর লিগ্যাল নোটিশ
ব্যবসায়িক চুক্তি অনুযায়ী টাকা গ্রহণের পর অকেজো পণ্য সরবরাহ এবং অবশিষ্ট পণ্য ও টাকা ফেরত না দেওয়ার অভিযোগে সিলেটের ‘সেভেন স্টার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স’-এর স্বত্বাধিকারী মো. নূর আলমের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর উপজেলার শিবনাথপুর গ্রামের ‘মেসার্স রুবেল ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী মো. রুবেল সেখের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও সিরাজগঞ্জ জজ কোর্টের আইনজীবী মো. লোকমান হাকিম এ নোটিশ পাঠান।
লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ আগস্ট ‘সেভেন স্টার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স’-এর আওতায় ব্যবসা পরিচালনার জন্য উভয় পক্ষের মধ্যে একটি প্রাথমিক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, রুবেল ট্রেডার্স ৪ লাখ টাকার ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য অর্ডার করে।
নোটিশে বলা হয়, পণ্য সরবরাহের অগ্রিম বাবদ রুবেল ট্রেডার্স চার ধাপে মোট ৪ লাখ টাকা পরিশোধ করে। এর মধ্যে চুক্তি সম্পাদনের দিন সাক্ষীদের উপস্থিতিতে নগদ ১ লাখ টাকা এবং পরবর্তী সময়ে ব্যাংক হিসাবের মাধ্যমে আরও ৩ লাখ টাকা পরিশোধ করা হয়।
অভিযোগ অনুযায়ী, সম্পূর্ণ টাকা গ্রহণের পর ‘সেভেন স্টার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স’ থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার পণ্য সরবরাহ করা হয়। তবে সরবরাহ করা পণ্যের মধ্যে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার পণ্য অকেজো ও ব্যবহার অনুপযোগী ছিল বলে দাবি করেছেন রুবেল ট্রেডার্সের স্বত্বাধিকারী।
এ ছাড়া চুক্তি অনুযায়ী আরও ১ লাখ ৫০ হাজার টাকার পণ্য সরবরাহ করার কথা থাকলেও তা এখনো সরবরাহ করা হয়নি বলে লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়েছে।
নোটিশে আরও অভিযোগ করা হয়, পাওনা টাকা পরিশোধ ও পণ্য সরবরাহের জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও বিষয়টির সমাধান হয়নি। ফলে ব্যবসায়িক চুক্তি অনুযায়ী পাওনা অর্থ ও পণ্য ফেরত পাওয়ার দাবিতে আইনজীবীর মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়েছে।
লিগ্যাল নোটিশে নোটিশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে বকেয়া টাকা পরিশোধ অথবা মানসম্মত পণ্য সরবরাহের মাধ্যমে চুক্তি সম্পন্ন করার জন্য মো. নূর আলমকে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।
তবে এ অভিযোগের বিষয়ে সেভেন স্টার ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. নূর আলমের বক্তব্য জানা যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।