উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের মনোনয়নপত্র জমাদান সম্পন্ন
উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সিরাজগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র জমাদান শেষ হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নিজ নিজ সমর্থকদের নিয়ে প্রার্থীরা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এবার সভাপতি পদে মনোনয়নপত্র উত্তোলন ও জমা প্রদান করেছেন সাবেক সভাপতি এম এ আউয়াল।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোঃ মোনায়েছ খান জানান, কার্যনির্বাহী পরিষদের ১৭টি পদের বিপরীতে মোট ৪৯টি মনোনয়নপত্র বিক্রি হয়েছিল এবং জমাদানের শেষ দিনে সবগুলোই জমা পড়েছে। এর মধ্যে সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৪ জন সহ ১৭টি পদেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে।
তিনি আরও জানান, আগামী ৬ নভেম্বর সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ৪ হাজার ৩শ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।