মহেশ্বরপাশা খাদ্য গুদামে বহিরাগতদের উৎপাত প্রতারনার মাধ্যমে কর্মকর্তাদের জিম্মির অভিযোগ
খুলনার মহেশ্বরপাশা খাদ্য গুদামে বহিরাগত ও কথিত সাংবাদিকদের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের জিম্মি করে অর্থ আদায়, মানসিক নির্যাতন এবং ভুয়া সংবাদ প্রচারের গুরুতর অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, বিভিন্ন অনুষ্ঠানের নামে কার্ড ছাপিয়ে দাওয়াত দেওয়ার অজুহাতে বিশাল অঙ্কের টাকা দাবি করা হয়। চাহিদা অনুযায়ী টাকা না দিলে মিথ্যে ও বানোয়াট সংবাদ প্রচার করে কর্মকর্তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার হুমকি দেওয়া হয়। চাহিদা পূরণ না হলে মনগড়া ও ভিত্তিহীন সংবাদ বানিয়ে ফেসবুকসহ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়, যা কর্মকর্তাদের ওপর তীব্র মানসিক চাপ সৃষ্টি করে।
নাম প্রকাশ না করার শর্তে খাদ্য গুদামের এক কর্মকর্তা জানান, কথিত সাংবাদিক ও বহিরাগতরা অনুমতি ছাড়াই প্রতিদিন খাদ্য গুদামে প্রবেশ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অবস্থান করে এবং কাজের পরিবেশ বিনষ্ট করে।
শ্রমিকদের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন কৃত্রিম ইস্যু তৈরি করা, ছবি তোলা এবং পরবর্তীতে তা ব্যবহার করে অর্থ আদায়ের অপকৌশল চালানো হয়।
মূলধারার সাংবাদিকদের সুনাম রক্ষা এবং ভুঁইফোড় সংবাদকর্মীদের দৌরাত্ম্য বন্ধে সরকারের স্পষ্ট নীতিমালা প্রণয়ন ও প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী কর্মকর্তারা।
Dhaka71/আবরার মাহী