Global Header Bottom
নতুন বাংলাদেশ গঠনে মাওলানা ভাসানী ও বেগম আলেমা খাতুনের আদর্শ বড় প্রেরণা: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নতুন বাংলাদেশ গঠনে মাওলানা ভাসানী ও বেগম আলেমা খাতুনের আদর্শ বড় প্রেরণা: প্রতিমন্ত্রী শরীফুল আলম

নতুন বাংলাদেশ গঠনে মাওলানা ভাসানী ও বেগম আলেমা খাতুনের আদর্শ বড় প্রেরণা: প্রতিমন্ত্রী শরীফুল আলম

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর কর্মময় জীবন নতুন বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ প্রেরণা জোগাবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইলের আইনশৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকির দায়িত্বে থাকা মো. শরীফুল আলম।

শনিবার (১০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের সন্তোষ দরবার হলে মওলানা ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে বেগম আলেমা খাতুন ভাসানীর ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, "মওলানা ভাসানীর রেখে যাওয়া কর্ম ও আদর্শ ধারণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা কাজ করছি। এই লক্ষ্য অর্জনে তাঁদের জীবন ও আদর্শ আমাদের পথ দেখাবে।"

তিনি আরও বলেন, গুণী ব্যক্তিদের সফলতার পেছনে জীবনসঙ্গীর বড় অবদান থাকে। মওলানা ভাসানীর জীবনেও তাঁর সহধর্মিণী বেগম আলেমা খাতুন ভাসানীর অবদান ছিল উল্লেখযোগ্য। তিনি ছিলেন শিক্ষানুরাগী এবং বাবার কাছ থেকে পাওয়া জমি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ার কাজে ব্যবহারের সুযোগ করে দিয়ে মানুষের ভবিষ্যৎ বিনির্মাণে ভূমিকা রেখেছিলেন। বিগত ১৭ বছরে মওলানা ভাসানী ও আলেমা খাতুন ভাসানীর স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলোকে অবমূল্যায়ন করে অচল করে রাখা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার গুণীজনদের যথাযথ সম্মান জানাতে এবং তাদের স্মৃতিবিজড়িত প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিকভাবে সচল করতে কাজ করে যাচ্ছে।

রাজনীতি মানেই মানুষের কল্যাণ: সুলতান সালাউদ্দিন টুকু

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এবং টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু বলেন, "মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন থেকে ত্যাগ, জনকল্যাণ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার শিক্ষা পাওয়া যায়। রাজনীতি মানে মানুষের কল্যাণে কাজ করা এবং নিজের স্বার্থ বিসর্জন দেওয়া।"

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশপ্রেমের আদর্শ ধারণ করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশপ্রেম ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই দেশপ্রেমকে ধারণ করেই দেশ গঠনে নেতৃত্ব দিচ্ছেন।

মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব ও জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আনিসুর রহমান এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী।

আলোচনা সভার আগে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম ও প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ অন্যান্য অতিথিরা সন্তোষে মওলানা ভাসানীর মাজারে যান। সেখানে তাঁরা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও বেগম আলেমা খাতুন ভাসানীর কবরে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত এবং ফাতেহা পাঠ করেন। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান শেষে বেগম আলেমা খাতুন ভাসানীকে নিয়ে রচিত একটি নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer