বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইলেকট্রিক ভেহিকেল প্রদর্শন করল ARZED Nanotech
বাংলাদেশের ইলেকট্রিক ভেহিকেল (ইভি) ও স্মার্ট মোবিলিটি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে নিজেদের উদ্ভাবনী প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক যান প্রদর্শন করেছে ARZED Nanotech Ltd.। প্রতিষ্ঠানটি রহিমআফরোজ গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিত Bangladesh Electric Vehicle & Mobility Exhibition (BEVMX) 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
প্রদর্শনী চলাকালে প্রতিমন্ত্রী ARZED Nanotech Ltd.-এর স্টল পরিদর্শন করেন। এ সময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক Faraaz A. Rahim তাঁর কাছে বাংলাদেশে নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইলেকট্রিক ভেহিকেল (Made in Bangladesh EV) উপস্থাপন করেন।
এ সময় প্রতিমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি বৈদ্যুতিক যানটি ঘুরে দেখেন এবং প্রতিষ্ঠানটির উদ্ভাবনী উদ্যোগ সম্পর্কে অবহিত হন। বাংলাদেশের প্রযুক্তিনির্ভর শিল্পায়ন ও পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে প্রদর্শনীতে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, “বাংলাদেশে নিজস্ব প্রযুক্তিতে ইলেকট্রিক ভেহিকেল তৈরি দেশের শিল্প ও প্রযুক্তি খাতের জন্য একটি ইতিবাচক অগ্রগতি। পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তুলতে এবং ভবিষ্যতের স্মার্ট মোবিলিটি নিশ্চিত করতে দেশীয় উদ্ভাবন ও প্রযুক্তির বিকাশকে উৎসাহিত করতে হবে।”
ARZED Nanotech Ltd.-এর ব্যবস্থাপনা পরিচালক Faraaz A. Rahim বলেন, “আমাদের লক্ষ্য বাংলাদেশেই নিজস্ব প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক মানের ইলেকট্রিক ভেহিকেল তৈরি করা। Made in Bangladesh EV শুধু একটি পণ্য নয়, এটি দেশের প্রযুক্তিগত সক্ষমতা ও ভবিষ্যৎ শিল্পায়নের সম্ভাবনার প্রতীক। আমরা চাই, দেশীয় প্রযুক্তিতে তৈরি পরিবেশবান্ধব যানবাহন বাংলাদেশের সড়কে নতুন পরিবর্তন আনুক এবং একসময় বিশ্ববাজারেও জায়গা করে নিক।”
প্রদর্শনীতে ARZED Nanotech Ltd.-এর অংশগ্রহণ বাংলাদেশের বৈদ্যুতিক যানবাহন শিল্পের বিকাশ, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার সম্ভাবনাকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, সরকারি-বেসরকারি উদ্যোগ, গবেষণা ও প্রযুক্তিগত বিনিয়োগ বাড়লে বাংলাদেশ ভবিষ্যতে ইলেকট্রিক ভেহিকেল উৎপাদনে একটি সম্ভাবনাময় দেশে পরিণত হতে পারে।