বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত
দীর্ঘদিন ধরে মতানৈক্যের কারণে বন্ধ থাকা বরগুনা জেলার বামনা উপজেলার বামনা প্রেসক্লাব অবশেষে অবমুক্ত হয়েছে। এতে বামনা উপজেলার কর্মরত সাংবাদিকদের মাঝে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য ও নতুন উদ্দীপনা।
বরগুনা-২ (বামনা-বেতাগী-পাথরঘাটা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় সংসদের চীফ হুইপ জনাব আলহাজ্ব নূরুল ইসলাম মনি-এর হস্তক্ষেপে দীর্ঘদিনের জট খুলে যায়। বুধবার (২৫/১১/২৬) ইং তারিখ সকাল ১০ ঘটিকায় বামনা প্রেসক্লাব কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রেসক্লাবের সভাপতি জনাব হাফিজুর রহমান।
সভা সঞ্চালনা করেন দৈনিক ইত্তেফাক পত্রিকার বামনা উপজেলা প্রতিনিধি জনাব হাবিবুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন বরগুনা প্রেসক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক জনাব জাহাঙ্গীর কবীর মৃর্ধা, বেতাগী প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব সাইদুর রহমান মন্টু কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাপতি জনাব আঃ হালিম ও সাধারণ সম্পাদক আবদুল হালিমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
সভায় বক্তব্য রাখেন দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, আমার দেশ পত্রিকার সাংবাদিক ইকবাল কোরাইশী বাবু প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, প্রেসক্লাব সাংবাদিকদের ঐক্যের প্রতীক। দীর্ঘদিন বন্ধ থাকায় বামনার সাংবাদিকরা পেশাগত কার্যক্রমে পিছিয়ে ছিলেন। আজকের এই সাধারণ সভার মধ্য দিয়ে প্রেসক্লাব আবার সচল হওয়ায় বামনার সাংবাদিকতা নতুন গতিতে এগিয়ে যাবে। তারা মতানৈক্য ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভায় বামনা প্রেসক্লাবকে পুনরায় সচল করতে সহযোগিতা করায় চীফ হুইপ আলহাজ্ব নূরুল ইসলাম মনি-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সাথে জেলা প্রেসক্লাবের সভাপতিসহ আগত অতিথিদের ধন্যবাদ জানানো হয়।
সভা শেষে উপস্থিত সকল সাংবাদিক একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।