শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩

আজ দলীয় মনোনয়ন ফরম কিনবেন শেখ হাসিনা, অন্যরা কাল থেকে




প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আজ বিকেল তিনটায় তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচন পরিচালনা কমিটির সভায় অংশ নেবেন। এই সভা থেকেই তিনি ভার্চুয়ালি যুক্ত হবেন বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে, উদ্বোধন করবেন মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম। নিজের ফরম সংগ্রহ করে প্রধানমন্ত্রী মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মূল্য পরিশোধ করবেন। ৭ জানুয়ারি ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে এবার আওয়ামী লীগের মনোনয়ন ফরমের মূল্য ৫০ হাজার টাকা, গতবারের চেয়ে ২০ হাজার টাকা বাড়ানো হয়েছে। 

দলের মনোনয়নপ্রত্যাশীদের জন্য ফরম বিক্রি শুরু হবে আগামীকাল শনিবার, এই কার্যক্রম চলবে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে।

দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং ফটোকপির উপর মোবাইল নম্বর ও বর্তমান সাংগঠনিক পরিচয়সহ ৩টি পদ সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। 

মনোনয়ন পেতে আগ্রহী প্রার্থীদের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রশাসনিক বিভাগ অনুযায়ী সুনির্দিষ্ট বুথ থেকে দলীয় মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। 

কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগ এবং তৃতীয় তলায় রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের মনোনয়নপত্র বিতরণ করা হবে। [৫.৪] কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সব বিভাগের মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ২১ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪টার মধ্যে মনোনয়ন ফরম জমা প্রদান করতে হবে। 

মনোনয়ন প্রত্যাশীদের কোনো প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ ও জমা প্রদান করতে হবে। 


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: