মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ, বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে ঈদের মতো ভিড়

সংগৃহীত ছবি

ভোটের ছুটিকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ড ও রেলস্টেশনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকেই কর্মজীবী মানুষ ঢাকা ছাড়তে শুরু করেন। এতে রাজধানীতে ঈদের আগের দিনের মতো ভিড় ও ব্যস্ততা দেখা গেছে।

সকাল বাড়ার সঙ্গে সঙ্গে ঢাকা ছাড়ার প্রধান সড়কগুলোতে যানবাহনের চাপ বাড়তে থাকে। ঢাকা–ময়মনসিংহ মহাসড়কসহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। বিশেষ করে আব্দুল্লাহপুর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত যান চলাচল ছিল ধীরগতির। কলেজগেট ও গাজীপুর এলাকাতেও দীর্ঘ যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মহাসড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে সকাল থেকেই শত শত মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। যাত্রী বেশি হলেও প্রয়োজনের তুলনায় বাস কম থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এর মধ্যে বাস সংকটের সুযোগে কয়েকগুণ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। পাশাপাশি কিছু আন্তঃজেলা ও অন্তঃজেলা বাস নির্ধারিত রুটের বাইরে অতিরিক্ত ট্রিপ চালাচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) শেষ কর্মদিবস থাকলেও অনেকেই আগেভাগে ছুটি নিয়ে গ্রামের উদ্দেশে রওনা হয়েছেন। এদিকে কমলাপুর রেলস্টেশনে ট্রেনের টিকিট সংগ্রহে দীর্ঘ সারি দেখা গেছে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনেক ভোটার দুই থেকে তিন দিনের ছুটি নিয়ে পরিবারসহ গ্রামে যাচ্ছেন।

যাত্রীরা জানান, দীর্ঘদিন পর ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় ভোগান্তি সত্ত্বেও তারা গ্রামে যাচ্ছেন।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: