রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর থার্ড টার্মিনাল চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি।

বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী দ্রুত সময়ের মধ্যে থার্ড টার্মিনাল চালুর বিষয়ে গুরুত্ব দিয়েছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আফরোজা খানম বলেন, টার্মিনাল কবে নাগাদ চালু হবে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা, পর্যালোচনা ও প্রয়োজনীয় তদন্ত হবে। কীভাবে দ্রুত চালু করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।

থার্ড টার্মিনালের ৯৯ শতাংশের বেশি কাজ সম্পন্ন হলেও কেন এখনো চালু হয়নি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি আগের অন্তর্বর্তী সরকারের সময়ের। তবে বর্তমান সরকার দ্রুত চালুর উদ্যোগ নিয়েছে এবং সে দিকেই এগোচ্ছে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: