কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, পবিত্র রমজান মাস উপলক্ষে সারা দেশের জেলা পর্যায়ে ১০ লাখ পরিবারের কাছে ন্যায্যমূল্যে ডিম, দুধ ও মাংস সরবরাহ করা হবে। এর মাধ্যমে বাজার স্থিতিশীল রাখা এবং অসাধু ব্যবসায়ীদের কারসাজি ঠেকানো সম্ভব হবে বলে তিনি মনে করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত ন্যায্যমূল্যে বিক্রয় কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, জেলার প্রচলিত বাজারদরের চেয়ে কম দামে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনায় রেখেই এই উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে রমজানে তাদের পুষ্টিকর ও প্রোটিনসমৃদ্ধ খাদ্য নিশ্চিত করা যায়।
মাসব্যাপী এ কার্যক্রম চলবে উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত দামে প্রতি লিটার দুধ ৮০ টাকা, ডিম প্রতি ডজন ৮৪ টাকা, ড্রেসিং করা মুরগির মাংস প্রতি কেজি ২২৫ টাকা এবং গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হচ্ছে।
পোল্ট্রি শিল্প টিকিয়ে রাখতে ক্ষতিগ্রস্ত খামারিদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।


0 coment rios: