ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় সরাইল উপজেলার শাহবাজপুরে রুমিন ফারহানা ও জাপার নেতাদের যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল হামিদ ভাসানী বলেন, জাপা মনোনীত প্রার্থী জিয়াউল হক মৃধা মিথ্যা মামলা ও হুমকির কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এমন পরিস্থিতিতে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর নির্দেশে জাতীয় পার্টির সব নেতাকর্মীকে রুমিন ফারহানার পক্ষে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রুমিন ফারহানা বলেন, জাতীয় পার্টির প্রার্থী নির্বাচন না করার ঘোষণার পর দলটি আনুষ্ঠানিকভাবে ‘হাঁস’ প্রতীকের পক্ষে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় পার্টিতে যোগ দেওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনই এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। আগে নির্বাচন ও ফলাফল দেখতে হবে। বর্তমানে প্রধান লক্ষ্য হলো— ভোটাররা যেন ভয়-ভীতি, পেশীশক্তি ও কালো টাকার প্রভাব ছাড়াই নির্ভয়ে ভোট দিতে পারেন এবং সুষ্ঠুভাবে ফল ঘোষণা হয়।
তিনি অভিযোগ করে বলেন, তার নেতাকর্মীদের ভয় দেখানো হচ্ছে, রাতে ফোন দেওয়া হচ্ছে এবং কালো টাকার ছড়াছড়ি চলছে। বিএনপি সমর্থিত জোট প্রার্থী কয়েক কোটি টাকার বাজেট নিয়ে মাঠে নেমেছেন বলেও দাবি করেন তিনি। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন রুমিন।
এর আগে গ্রেপ্তারের হুমকির অভিযোগ তুলে জাতীয় পার্টির প্রার্থী জিয়াউল হক মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
উল্লেখ্য, বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা ‘হাঁস’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোট সমর্থিত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবীব, যার প্রতীক ‘খেজুর গাছ’।


0 coment rios: