মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধাবস্থা ও তীব্র উত্তেজনার কারণে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের বিমান চলাচল স্থগিত করা হয়েছে। এর ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন।
আটকে পড়া যাত্রীদের বড় একটি অংশ মধ্যপ্রাচ্যগামী প্রবাসী। পাশাপাশি ইউরোপ ও আমেরিকায় কানেক্টিং ফ্লাইট ধরার অপেক্ষায় থাকা যাত্রীরাও ভোগান্তিতে পড়েছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে যান। তিনি যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন এবং চলমান সহায়তা কার্যক্রম তদারকি করেন।
সংবাদ সম্মেলনের সময় প্রধানমন্ত্রী তারেক রহমান ফোন করে বিমানবন্দরের পরিস্থিতি ও যাত্রীদের দুর্ভোগ সম্পর্কে খোঁজ নেন। মন্ত্রী জানান, মন্ত্রণালয় ও সিভিল এভিয়েশন যৌথভাবে যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার বিষয়টি আরিফুল হক নিজেই নিশ্চিত করেন।
মন্ত্রী জানান, সিনিয়র সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে অবস্থান করছেন। মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ৫০ জন যাত্রীর থাকার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে সিভিল এভিয়েশন আরও ৮০০ জনের থাকার ব্যবস্থা নিশ্চিত করেছে।
ওমানের মাস্কাটগামী ফ্লাইটের ৫৩ জন যাত্রী সিলেট থেকে ঢাকায় এসেছিলেন। ফ্লাইট বাতিল হওয়ায় তাদের হোটেলে পাঠানো হয়েছে এবং সেহরির ব্যবস্থা করা হয়েছে। পরদিন এসি বাসে তাদের সিলেটে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ইরানসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় শনিবার বিকেল থেকেই ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল করা হয়। হঠাৎ নেওয়া এ সিদ্ধান্তে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত ফ্লাইট স্বাভাবিক হওয়ার বিষয়টি অনিশ্চিত বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

0 coment rios: