Global Header Bottom
আজ থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ

আজ থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ

আজ থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণার উদ্যোগ

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (১২ অক্টোবর)। এ কর্মসূচি সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জার মাধ্যমে প্রচারণার উদ্যোগ নিয়েছে সরকার।

এ লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন এবং হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সমন্বয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। গত ৮ অক্টোবর এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠানো হয়।

চিঠিতে জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড থানা তথ্যভাণ্ডারের তথ্য সংগ্রহ নির্দেশিকা, ২০২৬’ অনুসরণ করে দেশব্যাপী পরিবারের আর্থসামাজিক অবস্থার তথ্য সংগ্রহ করা হবে। সরকারের প্রশিক্ষিত ও পরিচয়পত্রধারী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এসব তথ্য নেবেন। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কোন পরিবারের সহায়তা বেশি প্রয়োজন, তা নির্ধারণ করা হবে।

প্রচারণার বার্তায় পরিবারগুলোর প্রকৃত আর্থসামাজিক অবস্থা তুলে ধরে সঠিক তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে ফ্যামিলি কার্ডের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার কথা বলে কেউ টাকা চাইলে সতর্ক থাকতে বলা হয়েছে। তথ্য দেওয়ার জন্য কোনো অর্থের প্রয়োজন নেই বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে।

মসজিদে জুমার নামাজের আগে তিন মিনিটের ঘোষণার মাধ্যমে এসব বার্তা প্রচারের পরিকল্পনা করা হয়েছে। অন্যদিকে, মন্দির, গির্জা ও বৌদ্ধবিহারে দুই মিনিটের ঘোষণায় সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি বয়স্ক ও প্রতিবন্ধী প্রতিবেশীদের খোঁজ নেওয়ার আহ্বান জানানো হবে, যাতে তথ্য সংগ্রহের সময় কেউ বাদ না পড়েন।

প্রচারণার বার্তায় আরও বলা হয়েছে, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের নামে কেউ অর্থ দাবি করলে ১০৯৮ নম্বরে জানাতে হবে।

কর্মসূচির মাধ্যমে পরিবারগুলোর প্রকৃত অবস্থা যাচাই করে প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়ার জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer