কাউকে রাতে ভোট করতে বলবে না বিএনপি সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেছেন, স্বৈরাচারী সরকারের আমলে সরকারি নির্দেশনা পালন করতে গিয়ে অনেক কর্মকর্তা চাকরি হারিয়েছেন। তবে বিএনপি সরকার কোনো কর্মকর্তাকে দিনের ভোট রাতে করতে কিংবা ডামি নির্বাচন আয়োজনের নির্দেশ দেবে না।
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এ ক্ষেত্রে সরকার তাঁদের সর্বাত্মক সহযোগিতা করবে।
রাজনৈতিক অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা
মীর শাহে আলম বলেন, রাজনৈতিক বিষয়েও ব্যবস্থা নিতে কাজ শুরু করেছে বিএনপি। মিরপুরের ঘটনার পর উত্তরাঞ্চলের সংশ্লিষ্ট কমিটি বাতিল এবং একজন সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, কোনো সংসদ সদস্যের ব্যক্তিগত দায় সরকার নেবে না—এটি তারই ইঙ্গিত।
সারের দোকানে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ
সরকারকে বিব্রত করতে কিছু জেলায় নিজেদের নেতাকর্মীদের উসকে দিয়ে সারের দোকানে ভিড় করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে এবং পরিস্থিতি মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর তাগিদ
এ ছাড়া নদী ও পুকুরের পানি পরিশোধনের মাধ্যমে নিরাপদ পানি সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন মীর শাহে আলম। তাঁর মতে, ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমাতে বিকল্প পানির উৎস ব্যবহার এবং পানি পরিশোধন ব্যবস্থার উন্নয়ন প্রয়োজন।