Global Header Bottom
চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪

চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযান, আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪

চাঁদপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬২ নেতাকর্মীসহ মোট ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১৯ জনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া মাদকবিরোধী অভিযানে ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় পুলিশের পৃথক অভিযানে এসব গ্রেপ্তার ও আটকের ঘটনা ঘটে। শনিবার (৭ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো তথ্যের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ফরিদগঞ্জ থানায় ৬ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৩১ জন, শাহরাস্তি থানায় ৬ জন, হাজীগঞ্জ থানায় ৭ জন এবং মতলব উত্তর থানায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ৬২ জন।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানায় ৭ জন, চাঁদপুর সদর মডেল থানায় ৪ জন, হাইমচর থানায় ৪ জন এবং হাজীগঞ্জ থানায় ৪ জনসহ মোট ১৯ জনকে আটক করা হয়।

এ ছাড়া মাদকবিরোধী অভিযানে জেলার বিভিন্ন থানা থেকে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ ৫৪০ গ্রাম গাঁজা ও ৫০ পিস ইয়াবা, মতলব দক্ষিণ থানা পুলিশ ৫০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা এবং শাহরাস্তি থানা পুলিশ ১৫০ গ্রাম গাঁজা ও ২৬ পিস ইয়াবা উদ্ধার করে। পাশাপাশি হাইমচর থানা পুলিশ ২ পিস, মতলব উত্তর থানা পুলিশ ৭ পিস এবং হাজীগঞ্জ থানা পুলিশ ৫১ পিস ইয়াবা উদ্ধার করে। তবে হাজীগঞ্জে ইয়াবা উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।

পুলিশের হিসাব অনুযায়ী, মাদকবিরোধী অভিযানে সর্বমোট ৭৪০ গ্রাম গাঁজা ও ১৬৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর জানান, কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে নিজ নিজ পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। অন্যদিকে, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, জেলার অপরাধ দমন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

এই ক্যাটাগরির আরও নিবন্ধ

Global Before Footer