সরকারি শামসুল হক কলেজে প্র্যাকটিক্যাল পরীক্ষায় ‘রেডি খাতা’ জমা নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় অবস্থিত সরকারি শামসুল হক কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের আইসিটি, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্র্যাকটিক্যাল পরীক্ষায় কম্পিউটারে টাইপ করা ‘রেডি খাতা’ জমা নেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে।
শিক্ষার্থীদের অভিযোগ, আইসিটির প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কলেজের শিক্ষক আমির হোসেনের কাছ থেকে ৫০ টাকা করে টাইপ করা স্পাইরাল খাতা কিনতে হচ্ছে। একই ধরনের খাতা কলেজের প্রধান ফটকের পাশের কয়েকটি দোকানেও বিক্রি হচ্ছে বলে দাবি তাদের।
অভিযোগ রয়েছে, ২০২১ সাল থেকে ২০২৬ সাল পর্যন্ত একই ধরনের তৈরি করা প্র্যাকটিক্যাল খাতা বিক্রি ও জমা নেওয়ার মাধ্যমে অর্থ আদায় করা হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে দীর্ঘ সময়ের আর্থিক লেনদেনের পরিমাণ যাচাই করা সম্ভব হয়নি।
শিক্ষার্থীদের আরও অভিযোগ, গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্যও একইভাবে প্রস্তুত করা খাতা জমা নেওয়া হচ্ছে। এসব বিষয়ে শিক্ষক নিরঞ্জন কুমার সরকার ও কৃষি শিক্ষক মোশাররফ হোসেনের বিরুদ্ধেও অভিযোগ করেছেন কয়েকজন শিক্ষার্থী।
সরেজমিনে কলেজে গিয়ে পরীক্ষার্থীদের হাতে কম্পিউটারে টাইপ করা স্পাইরাল খাতা দেখা যায়। এসব খাতার প্রচ্ছদে সরকারি শামসুল হক কলেজের নাম লেখা ছিল। কয়েকটি খাতায় আগের পরীক্ষার্থীদের নাম, রোল ও সেশন মুছে নতুন পরীক্ষার্থীদের নাম, রোল ও সেশন লেখা হয়েছে বলে দেখা যায়।
বিজ্ঞান বিভাগের প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রেও একই ধরনের খাতা ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। শিক্ষার্থীদের কয়েকজন জানান, টাকা দিয়ে খাতা সংগ্রহ করে সংশ্লিষ্ট শিক্ষকের কাছেই জমা দিয়েছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষার্থী বলেন, আইসিটির প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য আমির হোসেনের কাছ থেকে ৫০ টাকা দিয়ে খাতা কিনেছেন তারা। একই খাতা কলেজের পাশের দোকান থেকেও পাওয়া যায় বলে জানান তারা।
তাদের ভাষ্য, খাতার ওপর আগের বছরের পরীক্ষার্থীদের নাম ও অন্যান্য তথ্য লেখা ছিল। সেগুলো মুছে নতুন পরীক্ষার্থীদের নাম, রোল ও সেশন লেখা হয়েছে।
কলেজের প্রধান ফটকের পাশের একটি দোকানের মালিক সাধন বলেন, বর্তমানে তার দোকানে আইসিটি প্র্যাকটিক্যাল পরীক্ষার খাতা নেই, শেষ হয়ে গেছে। বিকেলে আমির হোসেন স্যার খাতা পাঠালে আবার পাওয়া যাবে বলে জানান তিনি।
অভিযোগের বিষয়ে শিক্ষক আমির হোসেন প্রথমে প্র্যাকটিক্যাল পরীক্ষার ‘রেডি খাতা’র বিষয়টি অস্বীকার করেন। পরে তিনি বলেন, কিছু খাতা গত বছরের ছিল এবং সেগুলো হয়তো শিক্ষার্থীদের হাতে গেছে।
অন্যদিকে গণিতের শিক্ষক নিরঞ্জন কুমার সরকার বলেন, অনেক কলেজেই এ ধরনের খাতা তৈরি করে পরীক্ষা নেওয়া হয়। তিনি নিজে ঢাকা থেকে কলেজের নামে খাতা তৈরি করিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নিচ্ছেন বলে স্বীকার করেন।
তিনি বলেন, এভাবে খাতা তৈরি করে পরীক্ষা নেওয়া যাবে না, বিষয়টি তাঁর জানা ছিল না। এটি তাঁর ভুল হয়েছে এবং ভবিষ্যতে আর এমন করবেন না।
সরকারি শামসুল হক কলেজের অধ্যক্ষ আনোয়ারুল কবীর বলেন, প্র্যাকটিক্যাল পরীক্ষার ‘রেডি খাতা’ জমা নেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। কোনো শিক্ষক এ ধরনের কাজ করে থাকলে বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোছা. লায়লা আঞ্জুমান বানু বলেন, এ ধরনের কোনো তথ্য তাঁর জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কলেজের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীর অভিযোগ, এর আগেও কলেজের বিভিন্ন অনিয়ম ও সম্পদ রক্ষার বিষয়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, জেলা প্রশাসন ও দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেওয়া হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে কার্যকর প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি তাদের।
১৯৭২ সালে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদারের উদ্যোগে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সম্পাদক শামসুল হকের নামে কলেজটির নামকরণ করা হয়।
১৯৮৪ সালে এটি উচ্চমাধ্যমিক কলেজ হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং একই বছরের ১ মে প্রথম এমপিওভুক্ত হয়। ২০১৮ সালের ৮ আগস্ট প্রতিষ্ঠানটি সরকারিকরণ করা হয়। বর্তমানে সরকারি শামসুল হক কলেজে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।