দুবলার চরে যাওয়ার পথে নদীতে নিখোঁজ জেলে, দিনভর খুঁজেও মেলেনি সন্ধান
সুন্দরবনের দুবলার চরে শুঁটকি উৎপাদনের মৌসুমে কাজ করতে যাওয়ার পথে নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন মোঃ মেহেদী (২২) নামে এক মৌসুমি জেলে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে বাগেরহাটের মোংলার সিন্দুরতলা এলাকায় এ ঘটনা ঘটে। দিনভর মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের দুটি ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তাঁর সন্ধান পায়নি। রাতের অন্ধকারের কারণে আপাতত অভিযান স্থগিত রাখা হয়েছে। শুক্রবার সকালে আবারও তল্লাশি শুরু হওয়ার কথা রয়েছে।
নিখোঁজ মেহেদী বাগেরহাটের রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের ফয়লা বাজার এলাকার বাসিন্দা। শুঁটকি মৌসুমে কাজ করার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে দুবলার চরের পথে রওনা হয়েছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যাত্রাপথে সিন্দুরতলা এলাকায় নদীর পাড়ে তাঁদের বহনকারী ট্রলারটি নোঙর করা ছিল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে নদীর ধারে দাঁত ব্রাশ করছিলেন মেহেদী। এ সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। পরে স্রোতের টানে তলিয়ে গিয়ে নিখোঁজ হন তিনি।
ঘটনার খবর পেয়ে মোংলা ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। নদীর বিভিন্ন স্থানে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও মেহেদীর কোনো সন্ধান মেলেনি। পরে রাত হয়ে যাওয়ায় এবং পর্যাপ্ত আলো না থাকায় দিনের অভিযান বন্ধ রাখা হয়।
স্থানীয় রাজনীতিবিদ কোহিনুর সরদার জানান, দুর্ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় লোকজনও নিখোঁজ জেলেকে খুঁজতে চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত তাঁর সন্ধান না পাওয়ায় স্বজন ও সহকর্মীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।
মোংলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সাইফুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। দিনভর চেষ্টা চালিয়েও নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাতের কারণে আপাতত অভিযান স্থগিত করা হয়েছে।
খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দলের টিম লিডার সাইদুর রহমান জানান শুক্রবার সকালে আবারও উদ্ধারকাজ শুরু করা হবে।