নওগাঁর পোরশায় অবৈধ দুই ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা
নওগাঁর পোরশা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুটি ইটভাটার কর্তৃপক্ষকে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ইটভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা সুলতানা।
অভিযানকালে পোরশা উপজেলার পশ্চিম রঘুনাথপুর এলাকায় অবস্থিত মেসার্স এনএসবি ব্রিকস এবং নিতপুর এলাকায় অবস্থিত মেসার্স কেইবিসি ব্রিকস নামের দুটি ইটভাটায় যথাযথ কাগজপত্র ছাড়াই পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চলতে দেখা যায়।
এ সময় ইটভাটা দুটির কর্তৃপক্ষের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে মোট ৪ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ না করা পর্যন্ত ইটভাটা দুটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার শর্তে কর্তৃপক্ষের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। এ সময় নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি চৌকস দল ভ্রাম্যমাণ আদালতকে নিরাপত্তা প্রদান করে।
পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।