নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পর সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে বলে জানিয়েছেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। তবে তিনি স্পষ্ট করেন, পুলিশ পুরোপুরি আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে।
গতকাল বেলা ১১টায় আয়োজিত ‘সিএএস দরবার’-এ সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রায় ১৫ মিনিটের ওই অনুষ্ঠানে দেশে কর্মরত সদস্যদের পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত সদস্যরাও ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনাসদস্যদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন সেনাপ্রধান। তিনি বলেন, কঠিন ও সংবেদনশীল সময়ে সেনাবাহিনী যে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছে, তা জনগণের আস্থা আরও দৃঢ় করেছে।
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকার প্রসঙ্গে ওয়াকার-উজ-জামান বলেন, অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিকে স্থিতিশীল রাখতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশ ও জনগণ এ সেবাকে স্মরণ রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
সংবিধান ও বেসামরিক প্রশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই সেনাবাহিনী দায়িত্ব পালন করে আসছে বলে জানান সেনাপ্রধান। বক্তব্যের একপর্যায়ে তিনি পবিত্র কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে ধৈর্য, সংযম ও পেশাদারত্ব বজায় রাখার আহ্বান জানান।


0 coment rios: