ব্যস্ত ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি-র ব্রেন টিউমার সফলভাবে অপসারণ করা হয়েছে। প্রায় চার ঘণ্টাব্যাপী জটিল অস্ত্রোপচারের পর তাকে ২৪ ঘণ্টার জন্য চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ। তিনি জানান, আল্লাহর রহমতে অস্ত্রোপচার সফল হয়েছে। তবে পোস্ট-অপারেটিভ পর্যায়ে নানা জটিলতা দেখা দিতে পারে, তাই এই মুহূর্তে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, সফল অস্ত্রোপচারের পর নির্দিষ্ট সময় সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে অভিনেত্রীকে। প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণের মধ্যেই রাখা হবে। এ সময় হাসপাতালে অযথা ভিড় বা অতিরিক্ত ফোনকল না করার অনুরোধ জানানো হয়েছে।
গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ ভর্তি হন তানিয়া বৃষ্টি। সেদিনই নিজের ফেসবুক পোস্টে অসুস্থতার খবর জানান তিনি। হাসপাতালের বিছানায় বসে ফুলের তোড়া দিয়ে মুখ ও মাথা ঢেকে রাখা একটি ছবি শেয়ার করে ভালোবাসা দিবসে পরিবারের কাছ থেকে ফুল পাওয়ার কথা উল্লেখ করেন এবং সবার কাছে দোয়া চান। পাশাপাশি জানান, ১৫ ফেব্রুয়ারি তার অস্ত্রোপচার হবে।
ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি। ২০১৫ সালে ঘাসফুল চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। পরে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত গোয়েন্দাগিরি সিনেমায় দেখা যায় তাকে। দীর্ঘ বিরতির পর নির্মাতা রায়হান খান-এর পরিচালনায় ‘ট্রাইব্যুনাল’ সিনেমার মাধ্যমে আবার বড় পর্দায় ফেরার কথা ছিল তার।
ভক্ত ও সহকর্মীরা সামাজিক মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।


0 coment rios: