ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
প্রথমে সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। পরে পর্যায়ক্রমে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ অন্যান্য দল এবং স্বতন্ত্র সদস্যরা শপথ গ্রহণ করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়েছে বিএনপি। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিকরা জয় পেয়েছে ৩টি আসনে।
অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী জোটের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়েছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয় পেয়েছে। বাকি সাতটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।


0 coment rios: