মেঘনা নদী–এর বরিশালের হিজলা উপজেলা লঞ্চঘাটসংলগ্ন একটি ডুবোচরে অবৈধভাবে ঘের জাল বসিয়ে মাছ নিধনের অভিযোগে অভিযান চালিয়েছে প্রশাসন।
অভিযোগ ছিল, অসাধু জেলেরা কৌশলে ডুবোচর আটকে বিভিন্ন প্রজাতির মাছের পোনা নির্বিচারে নিধন করছিলেন। এতে নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ হুমকির মুখে পড়ছিল।
গোপন সংবাদের ভিত্তিতে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ যৌথভাবে বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে। নেতৃত্ব দেন বরিশাল মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমীর কুমার বসাক।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ঘের জাল, প্রায় দুই হাজার খুঁটি এবং দুটি ট্রলার জব্দ করা হয়। এ সময় তিন জেলেকে আটক করা হয়েছে।
রাতে বিষয়টি নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, আটক তিন জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হেলাল উদ্দিন বাদী হয়ে মামলা করেন।
জব্দ করা অবৈধ জাল ও খুঁটি পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ট্রলার দুটি নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু হবে।
মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।


0 coment rios: