বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

বিরোধী দলের মন্ত্রিসভার শপথ বর্জন নতুন শঙ্কার জন্ম দিয়েছে: সুজন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলের পক্ষ থেকে বিজয়ী দলকে অভিনন্দন জানানো নতুন রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত দিলেও মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন নতুন করে উদ্বেগ তৈরি করেছে বলে জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাব–এ আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ মন্তব্য করে। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নবনির্বাচিত সংসদ সদস্যদের বিভিন্ন তথ্য তুলে ধরা হয়।

লিখিত বক্তব্য পাঠ করেন সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদারসহ অন্য নেতারা।

বক্তব্যে বলা হয়, নির্বাচনকে ঘিরে শুরুতে জনমনে অনিশ্চয়তা ছিল। নির্ধারিত ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভোট হবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সহিংসতার আশঙ্কাও ছিল। তবে শেষ পর্যন্ত তুলনামূলক শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পন্ন হওয়ায় সেই শঙ্কা অনেকটাই দূর হয়।

সুজন জানায়, বিজয়ী দলের নেতা পরাজিত দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং পরাজিতরাও বিজয়ীদের অভিনন্দন জানান। এটিকে তারা ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির বার্তা হিসেবে দেখছিল।

কিন্তু সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এর ধারাবাহিকতায় ১১ দলীয় জোটভুক্ত দলগুলোর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত পরিস্থিতিকে জটিল করেছে বলে মনে করছে সংগঠনটি।

সুজনের প্রত্যাশা, দ্রুত সংকটের সমাধান হবে এবং সব পক্ষ গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা রাখবে।

সংগঠনটি আরও জানায়, গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত এ নির্বাচন ঘিরে মানুষের প্রত্যাশা ছিল অনেক। জনগণ চায় দেশে আর কর্তৃত্ববাদ না ফিরুক, ভোটাধিকার নিশ্চিত হোক, গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাক এবং বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক সমাজ প্রতিষ্ঠিত হোক।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: