সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের

খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের

বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-কে সুবিধাজনক সময়ে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা এ আমন্ত্রণপত্র পৌঁছে দেন। সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও এগিয়ে নিতে প্রস্তুত ভারতের সরকার।

সাক্ষাতে ড. খলিলুর রহমান পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে একটি ভারসাম্যপূর্ণ ও অগ্রগামী অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রণয় ভার্মা বলেন, নতুন সরকার গঠনের পর এটি ছিল তাঁর প্রথম সৌজন্য সাক্ষাৎ। জনমুখী সহযোগিতা জোরদার এবং ভবিষ্যতমুখী ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে।

সাম্প্রতিক উচ্চপর্যায়ের যোগাযোগ প্রসঙ্গে তিনি জানান, ১২ ফেব্রুয়ারি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান-কে অভিনন্দন বার্তা পাঠান এবং তাঁদের মধ্যে ফোনালাপও হয়। ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ঢাকায় এসে ভারতের প্রতিনিধিত্ব করেন এবং প্রধানমন্ত্রীর চিঠি তারেক রহমানের হাতে তুলে দেন।

প্রণয় ভার্মা বলেন, এসব যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং বহুমুখী দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে। পাশাপাশি একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছে ভারত।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: