বাংলাদেশের নবনির্বাচিত সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে আঞ্চলিক কূটনীতির এক বিরল উপস্থিতি দেখা গেছে। জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের সরকারপ্রধান, স্পিকার, মন্ত্রী ও কূটনীতিকরা অংশ নেন।
উপস্থিত ছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক আন্ডার সেক্রেটারি সীমা মালহোত্রা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নালিন্দা জয়াতিসা, তুরস্কের আন্ডার সেক্রেটারি বেরিস একিনচি এবং ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।
নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ১৪টি দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ জানান। তালিকায় ছিল সৌদি আরব, চীন, জাপান, ভারত, পাকিস্তান, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান।
এই ১৪ দেশের মধ্যে ছয়টি দেশের প্রতিনিধিত্ব করেন ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূতরা—চীন, জাপান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও মালয়েশিয়া। পাশাপাশি ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান–এর নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা মঙ্গলবার বিকেলে শপথ নেন।


0 coment rios: