মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

পুরনো পোশাকে ফিরতে চায় পুলিশ

পুরনো পোশাকে ফিরতে চায় পুলিশ

বাংলাদেশ পুলিশের ‘খাকি’ পোশাক পরিবর্তন করে নতুন ইউনিফর্ম চালুর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ২০০৩-২০০৪ সালে তৎকালীন সরকার গঠিত কমিটির সুপারিশে খাকি পোশাক নির্ধারণ করা হয়েছিল। সে সময় পুলিশ সদস্যদের গায়ের রং, দেশের আবহাওয়া, দিন-রাতের ডিউটিতে সহজে চিহ্নিত হওয়ার সুবিধা এবং অন্যান্য বাহিনীর সঙ্গে সাদৃশ্য এড়ানোর বিষয় বিবেচনায় নেওয়া হয়।

অ্যাসোসিয়েশনের অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন যে ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে, সেখানে পুলিশ সদস্যদের মতামত ও বাস্তবতা যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। মাঠ পর্যায় থেকে পাওয়া মতামতে বলা হয়েছে, নতুন পোশাকের সঙ্গে অন্যান্য সংস্থার ইউনিফর্মের মিল থাকায় পুলিশ সদস্যদের আলাদা করে চিহ্নিত করা কঠিন হতে পারে।

সংগঠনটি দাবি করেছে, বাহিনীর অধিকাংশ সদস্য তড়িঘড়ি করে নেওয়া এ সিদ্ধান্তের পক্ষে নন। তাঁদের মতে, খাকি পোশাক বাংলাদেশ পুলিশের দীর্ঘদিনের ঐতিহ্য, শৃঙ্খলা ও পেশাদারিত্বের প্রতীক।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান পোশাক পরেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় ভূমিকা রেখেছেন।

অর্থনৈতিক দিক তুলে ধরে অ্যাসোসিয়েশন বলেছে, পোশাক পরিবর্তন একটি ব্যয়বহুল প্রক্রিয়া। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এ ব্যয় বাহিনীর আধুনিকায়ন, থানা পর্যায়ে যানবাহন সরবরাহ ও লজিস্টিক সহায়তা বৃদ্ধিতে ব্যয় করা অধিক যৌক্তিক হবে। তাদের মতে, রং বা নকশা নয়—পুলিশ সদস্যদের মনোবল, মানসিকতা ও পেশাদারিত্বের উন্নয়নই এখন বেশি জরুরি।

শেষে সংগঠনটি সরকারকে অনুরোধ জানিয়েছে, সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করে গবেষণা ও জনমত যাচাইয়ের ভিত্তিতে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়া হোক এবং পুলিশ সদস্যদের আবেগ ও বাস্তবতা গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনা হোক।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: