বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানার রায়পাশা কড়াপুর ইউনিয়নে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে খবর পেয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ–এর এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহত ব্যক্তির নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন চৌধুরী (৬০)। তিনি সদর উপজেলার উত্তর কড়াপুর এলাকার মৃত নজির চৌধুরীর ছেলে এবং স্থানীয় বিএনপির কর্মী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান। তিনি জানান, মরদেহের মাথার বাম পাশে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল পরিদর্শনে সিআইডি টিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত আছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার রায়পাশা কড়াপুর ইউনিয়নের শিবপাশা গ্রামের বাদামতলা এলাকায় বসুরহাট–কাশিপুর বাজার সড়কের পাশে একটি পরিত্যক্ত ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখা যায়। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার পর সেখানে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে এ ঘটনায় কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।


0 coment rios: