জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে প্রথমে সংসদ সদস্য হিসেবে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। পরে তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও অঙ্গীকার করেন।
এর আগে সকাল ১১টার কিছু আগে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সংসদ সদস্যরা শপথ নেন। আর দুপুর সোয়া ১২টার পর শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নবনির্বাচিত এমপিরা।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
ঘোষিত ফল অনুযায়ী, বিএনপি জয় পেয়েছে ২০৯টি আসনে। ফল স্থগিত থাকা দুটি আসনেও তাদের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিকরা পেয়েছে ৩টি আসন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী জয় পেয়েছে ৬৮টি আসনে। তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যান্য শরিকরা পেয়েছে ৯টি আসন। এর মধ্যে এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে বিজয়ী হয়েছে।
এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয়ী হয়েছে।
বাকি সাতটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।


0 coment rios: