বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও অঙ্গীকারবদ্ধ হয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার পর জাতীয় সংসদ সচিবালয়ের শপথগ্রহণ কক্ষে প্রথমে সংসদ সদস্য হিসেবে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এরপর তারা সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নেন।
এর আগে সকাল ১১টার কিছু আগে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। ২৯৭ আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ফল অনুযায়ী, বিএনপি জয় পেয়েছে ২০৯টি আসনে এবং তাদের শরিকরা পেয়েছে ৩টি আসন।
অন্যদিকে, জামায়াতে ইসলামী জয় পেয়েছে ৬৮টি আসনে। জোটের অন্যান্য শরিকদের মধ্যে এনসিপি পেয়েছে ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে বিজয়ী হয়েছে।
বাকি সাতটি আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।


0 coment rios: