বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত বিতর্ক বা পাবলিক প্ল্যাটফর্মে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি প্রস্তাব দেন, এমন একটি আলোচনায় উভয় দল জাতির সামনে নিজেদের নির্বাচনী ইশতেহার উপস্থাপন করবে, যাতে জনগণ সচেতনভাবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই আমন্ত্রণের কথা জানান জামায়াত আমির।
পোস্টে তারেক রহমানকে ‘প্রিয়’ ও ‘মাননীয়’ সম্বোধন করে ডা. শফিকুর রহমান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই একটি সরকারের বৈধতা প্রতিষ্ঠিত হয়। ন্যায্যতা ও জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনী ফলই প্রকৃত গ্রহণযোগ্যতা অর্জন করতে পারে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর রাজনৈতিক দলগুলোর দায়িত্ব হলো তরুণ প্রজন্মকে দেখানো যে রাজনীতি সভ্য, সহনশীল ও অহিংস হতে পারে। এজন্য তিনি গণমাধ্যম ও জনগণের সামনে দাঁড়িয়ে ভবিষ্যৎ শাসনব্যবস্থার মানদণ্ড নির্ধারণের আহ্বান জানান—যা হবে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং সমালোচনার জন্য উন্মুক্ত।
জামায়াত আমির বলেন, বিএনপি ইতোমধ্যে তাদের রাজনৈতিক পরিকল্পনা উপস্থাপন শুরু করেছে। এই প্রেক্ষাপটে তিনি তারেক রহমানকে একটি সরাসরি ও উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান, যেখানে উভয় দল নিজ নিজ ইশতেহার তুলে ধরবে এবং সিদ্ধান্ত গ্রহণের ভার জনগণের হাতেই থাকবে।
পোস্টের শেষাংশে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে—যেখানে সবাই জনগণের মতামত ও ইচ্ছাকে সম্মান করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।


0 coment rios: