শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর করবে বিএনপি

 


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভবিষ্যতে যিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি টানা ১০ বছরের বেশি সময় ক্ষমতায় থাকতে পারবেন না। বিএনপি সরকার গঠন করতে পারলে এ বিষয়ে আইন প্রণয়ন করা হবে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে দলের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ইশতেহার ঘোষণাকালে তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ একটি জাতীয় দায়িত্ব এবং এটি নিরপেক্ষভাবে সংরক্ষণ করা জরুরি। বিএনপি সরকারে গেলে সব পক্ষকে নিয়ে এই দায়িত্ব পালনে উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং গত ১৫ বছরে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। আন্দোলনে শহীদ ও গুম-খুনের শিকার ব্যক্তিদের স্মরণে নিজ নিজ এলাকায় রাস্তা ও সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করা হবে।

তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় এলে সংবিধানে “আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস” পুনঃপ্রতিষ্ঠা করা হবে। একই সঙ্গে ভোটাধিকার নিশ্চিত করতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালুর প্রতিশ্রুতি দেন তিনি।

ইশতেহারে উল্লেখ করা হয়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতার পর ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালের ছাত্র-গণঅভ্যুত্থান গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেই ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার নতুন ক্ষেত্র প্রস্তুত করেছে বলে দাবি করা হয়।

নারীর কর্মসংস্থান প্রসঙ্গে তারেক রহমান বলেন, পোশাক শিল্পে প্রায় ৭০ শতাংশ নারী শ্রমিক কাজ করেন। গার্মেন্টসের বাইরেও নারীদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি করা হবে। নারীদের কর্মঘণ্টা কমানোর পরিবর্তে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং সুবিধা নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

কৃষকদের বিষয়ে তিনি বলেন, কৃষক কার্ড চালু করা হলে তা তাদের জন্য শক্তিশালী সহায়তা হবে। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: