ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারণা এখন থেকে অনলাইনে চালানো যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, এতে প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘিত হবে না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ইসি কমিশনার জানান, আনুষ্ঠানিক প্রচারণা হিসেবে মিছিল ও সমাবেশ নিষিদ্ধ হলেও প্রচারণা পুরোপুরি বন্ধ হয়নি। অনলাইনে প্রচার চালানো যাবে। এমনকি কোনো প্রার্থী বা তার সমর্থক সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করে হাতে হাত মিলিয়ে ভোট চাইলে তাতেও আইনগত কোনো বাধা নেই।
ফলাফল ঘোষণা নিয়ে এক প্রশ্নের জবাবে সানাউল্লাহ বলেন, তাড়াহুড়ো করা যাবে না। প্রবাসীদের পোস্টাল ব্যালটে শতাধিক প্রতীক থাকবে, ফলে ভোট গণনায় কিছুটা বেশি সময় লাগতে পারে।
তিনি আরও জানান, নির্বাচনে কালো টাকা ব্যবহারের আশঙ্কা মাথায় রেখে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-কে সতর্ক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।


0 coment rios: