নড়াইল সদর উপজেলা-য় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ছয় থেকে সাতজন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বড়কুলা গ্রামে এ ঘটনা ঘটে। সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপ ও খলিল গ্রুপের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জেরে এ রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত হয়।
নিহতরা হলেন— রহমান খলিল, তাঁর ছেলে তাহাজ্জুদ হোসেন, ফেরদৌস হোসেন এবং অপর পক্ষের ওসিবুর মিয়া। প্রথম তিনজন খলিল গ্রুপের সদস্য। ওসিবুর মিয়া সাবেক চেয়ারম্যান খায়ের গ্রুপের।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় ওসিবুর মিয়াকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা ওলি মিয়া জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


0 coment rios: