সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬

চাঁদপুরে কিশোর গ্যাংয়ের ২১ সদস্য আটক

চাঁদপুর শহরে কিশোর গ্যাং দমনে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, লেকেরপাড়, স্টেডিয়াম রোড, মাদরাসা রোড, পৌর পার্ক, কবরস্থান রোড ও প্রেসক্লাব রোডসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ।

এ সময় ওসি (তদন্ত) মিন্টু দত্ত, সেকেন্ড অফিসার ফেরদৌস নূর, এসআই বিল্লাল হোসেন, নাজমুল হোসেন, মোখলেছ, কালাম গাজী, নূরুল আলমসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আটকদের বয়স ১৪ থেকে ২৩ বছরের মধ্যে। পুলিশ জানায়, পুলিশ সুপার মো. রবিউল হাসানের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। শহরের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে থানায় নেওয়া হয়েছে।

ওসি মো. ফয়েজ আহমেদ বলেন, যাচাই-বাছাই শেষে আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: