বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ১০

কক্সবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, দগ্ধ ১০

সংগৃহীত ছবি

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় একটি এলপিজি গ্যাসপাম্পে বিস্ফোরণের পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের ঘরবাড়ি ও একটি গ্যারেজের বহু গাড়ি পুড়ে গেছে। অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

সম্প্রতি চালু হওয়া ‘এন আলম এলপিজি গ্যাসপাম্প’টি কলাতলীর হোটেল-মোটেল জোনের পূর্ব পাশে অবস্থিত।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে পাম্পের ট্যাংক থেকে গ্যাস লিকেজ হয়ে আগুন ধরে যায়। কর্মচারীরা বালু ও পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। তবে রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট যৌথভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বেশ কয়েকটি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দগ্ধ ১০ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।

ঘটনাস্থলে দেখা যায়, পাম্পসংলগ্ন একটি গ্যারেজে রাখা অন্তত ৩০টি প্রাইভেট কার ও মাইক্রোবাস পুড়ে গেছে। গ্যারেজকর্মী নুরুল আলম বলেন, পাম্প থেকে ছড়িয়ে আসা আগুনে একে একে ৩০টির বেশি গাড়ি পুড়ে যায়।

বিস্ফোরণের সময় আশপাশের বাসিন্দারা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে সরে যান।

এদিকে কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্যাংক থেকে গ্যাস বের হয়ে আগুন ধরেছিল, পরে তা নেভানো হয়। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরিত হয়ে আবার আগুন ধরে। তিনি নাশকতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: