মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীসহ দেশি-বিদেশি কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিরা।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে বিএনপির সংসদ সদস্যরা শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তবে এমপি হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি তারা।

পরে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় জোটের সংসদ সদস্য ও স্বতন্ত্ররা শপথ নেন। ১১ দলীয় জোটের সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ করেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোট হয়। ২৯৭ আসনের বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনায় চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রয়েছে।

ঘোষিত ফল অনুযায়ী ২৯৭ আসনের মধ্যে ২০৯টিতে জয় পায় বিএনপি। স্থগিত দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে। বিএনপির শরিকরা পেয়েছে ৩টি আসন।

জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। দলটির নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্য শরিকরা পেয়েছে ৯টি আসন—এর মধ্যে এনসিপি ৬টি এবং বাংলাদেশ খেলাফত মজলিস ২টি আসনে জয়ী।

এ ছাড়া ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসনে জয় পেয়েছে। বাকি সাতটি আসনে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: