শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

টেক্সটাইলের শিক্ষার্থীরা পাচ্ছেন প্রতিষ্ঠান বদলির সুযোগ, আবেদন ১২ মার্চ পর্যন্ত

ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে অধ্যয়নরত শিক্ষার্থীরা প্রতিষ্ঠান বদলির সুযোগ পাচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানে আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রমের ভিত্তিতে নিয়মিত শিক্ষার্থীদের বদলি করা হবে।

দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম পর্বের শিক্ষার্থীরা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এ সুযোগ পাবেন। আগামী ১২ মার্চ পর্যন্ত নিজ নিজ প্রতিষ্ঠানে আবেদন করা যাবে।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বদলিতে আগ্রহীদের নিজ প্রতিষ্ঠানের অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রে অভিভাবকের প্রতিস্বাক্ষর থাকতে হবে।

প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আবেদন যাচাই-বাছাই করে ১ মার্চ থেকে ১৬ মার্চের মধ্যে অনলাইনে বোর্ডের সার্ভারে পাঠাবে। শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২২ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত।

যেসব শর্ত মানতে হবে

  • আসন খালি থাকা সাপেক্ষে মেধাক্রম অনুযায়ী বদলি হবে

  • সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী কেবল সরকারি প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন

  • বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী কেবল বেসরকারি প্রতিষ্ঠানে বদলি হতে পারবেন

  • টেকনোলজি, প্রবিধান ও শিফট একই থাকতে হবে

  • প্রথম শিফটের শিক্ষার্থী কেবল প্রথম শিফটেই বদলি হতে পারবেন

  • কোনো বিষয়ে অকৃতকার্য বা ‘রেফার্ড’ পাওয়া শিক্ষার্থী আবেদন করতে পারবেন না

  • সব বিষয়ে উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীরাই আবেদন করতে পারবেন

এ ছাড়া এইচএসসি (বিজ্ঞান/ভোকেশনাল) বা আলিম (বিজ্ঞান) পাস করে সরাসরি তৃতীয় বা চতুর্থ পর্বে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এ বদলি প্রক্রিয়ার আওতায় থাকবেন না।

বোর্ড নির্ধারিত লিংকে প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দেবে। পর্ব সমাপনী পরীক্ষার ফল প্রকাশের পরবর্তী সাত কার্যদিবসের মধ্যে বদলির চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: