বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে।
মঙ্গলবার (১০ মার্চ) পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দেশের জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং সারাদেশে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে।
কর্মকর্তারা বলছেন, পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি করলে পরিবহন খরচ ও সময়—দুটোই কম লাগে।
এর আগে এই পাইপলাইন দিয়ে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আনার আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রোববার ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা-কে এ অনুরোধ জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নুমালিগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির একটি চুক্তিও রয়েছে। তবে ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনের কারণে কিছু সময় এই কার্যক্রম বন্ধ ছিল।
এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা। এর একটি অংশ বহন করবে বিপিসি এবং বাকি অর্থ ব্যাংকঋণের মাধ্যমে সংগ্রহ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


0 coment rios: