ইরানি ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে সতর্কবার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, ভবিষ্যতে এমন ঘটনা ঘটলে তুরস্ক তা কোনোভাবেই ক্ষমা করবে না এবং দেশের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত দু’বার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে তেহরানের ক্ষেপণাস্ত্র। প্রথমবার গত ৪ মার্চ এবং দ্বিতীয়বার সোমবার (৯ মার্চ) এ ঘটনা ঘটে।
দু’বারই ন্যাটো-র এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তুরস্কের প্রতিরক্ষা বাহিনী।
সোমবার অনুপ্রবেশকারী ক্ষেপণাস্ত্র ধ্বংসের পর ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে টেলিফোন করেন এরদোগান। তিনি বলেন, ইরানের বেপরোয়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কারণে তুরস্ক এই যুদ্ধে কোনো পক্ষ না হয়েও ঝুঁকির মুখে পড়ছে।
প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় হামলাকে ‘বেআইনি হস্তক্ষেপ’ উল্লেখ করে এরদোগান বলেন, বন্ধু ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর বিরুদ্ধে এমন হামলা কারো স্বার্থ রক্ষা করবে না এবং আঙ্কারা এ ধরনের কার্যক্রম কখনো অনুমোদন করবে না।
তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে যদি ইরান আবার এ ধরনের বেপরোয়া হামলা চালায়, তাহলে তুরস্ক নিজের নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
এদিকে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং শতাধিক স্কুলছাত্রী নিহত হওয়ার ঘটনায় শোকও জানিয়েছেন এরদোগান।
তুর্কি প্রেসিডেন্টের অভিযোগের জবাবে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, তুরস্কের আকাশসীমা লঙ্ঘনকারী ক্ষেপণাস্ত্রটি ইরান থেকে ছোড়া হয়নি। তবে বিষয়টি তদন্ত করা হবে বলেও তিনি আশ্বাস দিয়েছেন।


0 coment rios: