ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন কংগ্রেসের ইরানি-বংশোদ্ভূত দুই আইনপ্রণেতার একজন।
অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি জেলা থেকে নির্বাচিত ডেমোক্র্যাট সদস্য Yassamin Ansari সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ইরানের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের কোনো সুস্পষ্ট বা ইতিবাচক পরিকল্পনা আছে বলে তিনি বিশ্বাস করেন না।
ইয়াসমিন আনসারির বাবা-মা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরান ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন। নিজের পোস্টে তিনি বলেন, ট্রাম্প যেভাবে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়েও পরিষ্কার দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছেন, তাতে ইরান প্রসঙ্গেও তার সদিচ্ছা নিয়ে সন্দেহ থেকেই যায়। তবে তিনি আশা প্রকাশ করেন, তার এই আশঙ্কা যেন ভুল প্রমাণিত হয়।
তার ভাষায়, প্রায় ৯ কোটি ইরানি নাগরিক একটি উন্নত ভবিষ্যতের অধিকারী। একই সঙ্গে চলমান উত্তেজনায় আমেরিকানদের জীবনও ঝুঁকির মুখে রয়েছে।
এদিকে ইরানের ক্ষমতাসীন ধর্মীয় নেতৃত্বকে লক্ষ্য করে শুরু হওয়া অভিযানে তিন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করা হয়। এরপর থেকে উত্তেজনা আরও বেড়ে যায়।
ইরানের অভিজাত বিপ্লবী গার্ডের সদরদপ্তর ধ্বংসস্তূপে পরিণত হলেও দেশটি মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে হতাহতের ঘটনা ঘটেছে। উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ফ্লোরিডায় নিজ বাসভবন থেকে দেওয়া ভিডিও ভাষণে ট্রাম্প ইরানের বিপ্লবী গার্ড, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের অস্ত্র সমর্পণের আহ্বান জানান। অন্যথায় তাদের কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।


0 coment rios: