জামালপুরের মেলান্দহ উপজেলা-তে পারিবারিক কলহের জেরে সৎ ভাইয়ের লোহার রডের আঘাতে মাথার খুলি ফেটে বড় ভাই মো. মাসুদ (৩০) নিহত হয়েছেন।
শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নয়ানগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মাসুদ একই এলাকার মৃত আমিনুল ইসলামের ছেলে। অভিযুক্ত মো. হাসিব (২৬) একই এলাকার মমিনের ছেলে। তারা দুজনই একই মায়ের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাসিব লোহার রড দিয়ে মাসুদের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং তার মাথার খুলি ফেটে যায়।
পরে পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় মাসুদকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতাল-এ নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আরিফুর ইসলাম।
এ বিষয়ে মেলান্দহ থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর হক বলেন, বসতবাড়ি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার রাতে হঠাৎ এ ঘটনা ঘটে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


0 coment rios: