![]() |
| সংগৃহীত ছবি |
আন্তর্জাতিক শ্রম সংস্থার গভর্নিং বডির ৩৫৬তম অধিবেশনে বাংলাদেশকে ঘিরে হওয়া আলোচনায় ব্যাপক আন্তর্জাতিক সমর্থন মিলেছে। অংশগ্রহণকারী ৪৭টি দেশ বর্তমান সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এবং একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে অভিনন্দন জানিয়েছে।
শ্রম খাত সংস্কার নিয়ে আলোচনার পটভূমি তৈরি হয় ২০১৯ সালে আইএলও কনভেনশন ৮১, ৮৭ ও ৯৮ বাস্তবায়নে ঘাটতির অভিযোগকে কেন্দ্র করে। এর পরিপ্রেক্ষিতে ২০২১ সালে বাংলাদেশ সরকার পাঁচ বছর মেয়াদি একটি রোডম্যাপ প্রণয়ন করে। সেই পরিকল্পনার অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে আসছে আইএলও, এবং সর্বশেষ অধিবেশনে নবম অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
আলোচনায় ১৯টি দেশ, দুটি আঞ্চলিক জোট এবং মালিকপক্ষ বাংলাদেশের নেওয়া সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করে। তারা চলমান বিষয়টির দ্রুত নিষ্পত্তির আহ্বানও জানিয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও কানাডা অগ্রগতি স্বীকার করে আরও কার্যকর বাস্তবায়নের ওপর জোর দিয়েছে।
বাংলাদেশের প্রতিনিধিরা এ সময় শ্রম অধিকার, সুশাসন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার অঙ্গীকারও তুলে ধরেন।
অধিবেশনে আরব গ্রুপ, উপসাগরীয় অঞ্চলের দেশগুলোসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে নেওয়া উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখেছেন এবং ভবিষ্যতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন।





0 coment rios: