মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

চট্টগ্রামে বাড়ছে হামের প্রকোপ: নতুন শনাক্ত আরও ৬ শিশু, মোট ৮

 

সংগৃহীত ছবি

চট্টগ্রাম জেলায় নতুন করে আরও ছয় শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। সোমবার সন্ধ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন জেলা সিভিল সার্জন। এতে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জনে। এর মধ্যে ছয়জন নগরের এবং দুইজন উপজেলার বাসিন্দা।


এর আগে একই দিন সকালে আরও দুই শিশুর শরীরে হাম শনাক্তের তথ্য জানানো হয়েছিল। আক্রান্তদের মধ্যে একজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং অন্যজন চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের বয়স যথাক্রমে পাঁচ মাস ও সাড়ে পাঁচ মাস।


জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে ৭৫ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। এর মধ্যে আটজনের শরীরে হাম নিশ্চিত হয়েছে, বাকিদের রিপোর্ট এখনো অপেক্ষমাণ।


বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ২৯ শিশু ভর্তি রয়েছে। তাদের জন্য আলাদা কর্নারে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।


স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, আক্রান্ত শিশুদের অনেকের মধ্যে জ্বর, ত্বকে র‍্যাশ এবং নিউমোনিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সঙ্গে জেলায় হামের টিকারও কোনো সংকট নেই বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা।


জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, নিয়মিত টিকাদান কর্মসূচিতে ঘাটতি এবং সাম্প্রতিক সময়ে টিকা কার্যক্রমের ধীরগতির কারণে হামের সংক্রমণ বাড়ছে। চলতি মাসে দেশজুড়ে হামে শিশুমৃত্যুর ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে।


শেয়ার করুন

Author:

Dhaka71.com একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল। আমরা সবসময় যাচাইকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অঙ্গীকারবদ্ধ। দ্রুত ও নির্ভুল তথ্য দিয়ে পাঠকের আস্থা অর্জনই আমাদের লক্ষ্য।

0 coment rios: