রাজধানীর হাজারীবাগে একটি ভাড়া বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে মনেশ্বর রোডের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থী মো. সাইদুল আমিন সীমান্ত (২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন। তার বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। পড়াশোনার সুবাদে তিনি হাজারীবাগে ভাড়া বাসায় থাকতেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিষাক্ত কিছু পান করার কারণে তার মৃত্যু হতে পারে।
জানা যায়, রাতে সীমান্তের রুমমেট তাকে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে সন্দেহ করেন। পরে বাড়ির মালিক ও প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় রাত ১টা ২৫ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল–এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সেলিম জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের চাচা রুহুল আমিন বলেন, কীভাবে এমন ঘটনা ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়।





0 coment rios: