ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে সামনে রেখে আগামী ৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে। নির্বাচন কমিশন জানিয়েছে, আসন বণ্টনে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পাবে।
সোমবার (৬ এপ্রিল) নির্বাচন কমিশনের বৈঠক শেষে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি বলেন, জাতীয় নির্বাচন-পরবর্তী সময়ে মোট ৫০টি মামলা হয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট আসনগুলোর মালামাল সংরক্ষণ করা হবে।
ইসি সচিব আরও জানান, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনে আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। শেরপুর-৩ আসনে পোস্টাল ভোটসহ মোট ১২৯টি কেন্দ্র এবং বগুড়া-৬ আসনে ১৫১টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই দুই আসনের ফলাফল বর্তমানে আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। আদালতের পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি জানান, ৮০টি পর্যবেক্ষক সংস্থার কাছ থেকে জাতীয় নির্বাচন নিয়ে প্রতিবেদন পাওয়া গেছে। এসব প্রতিবেদন নিয়ে নির্বাচন কমিশন একটি সেমিনারের আয়োজন করবে।
এ ছাড়া কিছু প্রার্থী নির্বাচনী ব্যয়ের হিসাব জমা দিতে সময় বৃদ্ধির আবেদন করেছেন জানিয়ে তিনি বলেন, তাদের জন্য এক মাস সময় বাড়ানো হয়েছে।
ইসি সচিব আরও জানান, ভোটার দিবস উদযাপনের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যা দিবসটির তারিখ ও উদযাপনের পদ্ধতি নির্ধারণ করবে।
ইভিএম প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে আপাতত ইভিএম ব্যবহার করা হবে না। তিনটি পৃথক প্রতিষ্ঠান এ প্রযুক্তি পর্যালোচনা করছে। জনগণের আস্থা ফিরে না আসা পর্যন্ত এই যন্ত্র ব্যবহার করা হবে না বলেও জানান তিনি।












0 coment rios: