খাজা ইউনূস আলী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজে বর্ণাঢ্য আয়োজনে নবীন বরণ অনুষ্ঠিত
সিরাজগঞ্জের এনায়েতপুরে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘খাজা ইউনূস আলী ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ’-এ নানা আয়োজনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। দিনব্যাপী আনন্দঘন ও বর্ণাঢ্য নানা কর্মসূচির মধ্য দিয়ে এই নবীন বরণ উৎসব উদযাপিত হয়।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা, প্রখ্যাত শিক্ষানুরাগী ও সমাজসেবক মীর মোহাম্মদ আমজাদ হোসেনের প্রতিষ্ঠিত খাজা ইউনূস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যাম্পাস চত্বরে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সকালে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। বরণ পর্ব শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. সেলিম রেজার সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা ইউনূস আলী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাজা ইউনূস আলী মেডিকেল কলেজের বর্তমান অধ্যক্ষ ডা. মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের সুশিক্ষা অর্জন ও নৈতিক মূল্যবোধ নিয়ে দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে দুপুরের দ্বিতীয় পর্বে ছিল এক আকর্ষণীয় ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের অধ্যক্ষ মো. সেলিম রেজা, সংগীত শিক্ষক জুলফিকার আলী ভূট্টো এবং সাধারণ শিক্ষার্থীরা গান ও নৃত্য পরিবেশন করে পুরো ক্যাম্পাস মুখরিত করে তোলেন। নাচ ও গানের জমজমাট এই পরিবেশনা উপস্থিত সকল দর্শক ও অতিথিদের দারুণভাবে মুগ্ধ করে।
Dhaka71/এম নূরে এলাহী