উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি বিশেষজ্ঞ ও সিজারের অভাবে প্রসূতিদের জীবন বিপন্ন
১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত নওগাঁর একটি জনবহুল উপজেলা মান্দা। এ বিশাল জনপদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ৫০ শয্যাবিশিষ্ট একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থাকলেও সেখানে নেই কোনো গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা। ফলে প্রসবকালীন জটিলতায় পড়া গর্ভবতী নারী ও তাদের পরিবারগুলো প্রতিনিয়ত চরম দুর্ভোগ ও মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখোমুখি হচ্ছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত সাধারণ মানুষ চিকিৎসার জন্য এখানে আসেন। কিন্তু গর্ভবতী নারীদের নরমাল ডেলিভারি (স্বাভাবিক প্রসব) না হলে চিকিৎসকরা তাদের তাৎক্ষণিকভাবে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) রেফার্ড করে দেন।
চিকিৎসা নিতে আসা ভুক্তভোগী ও দরিদ্র পরিবারের লোকজন জানান, দিন এনে দিন খাওয়া এসব মানুষের রাজশাহী পর্যন্ত গিয়ে সিজারিয়ান অপারেশন করানোর মতো আর্থিক সামর্থ্য থাকে না।
এ বিষয়ে এক রোগীর স্বজন আক্ষেপ করে বলেন, "এত বড় হাসপাতাল, অথচ এখানে সিজারের কোনো ব্যবস্থা নেই। রোগী নিয়ে আসলে বলে রাজশাহী নিয়ে যান। আমরা গরিব মানুষ, রাজশাহী নিয়ে যাওয়ার মতো টাকা কই পাবো? দিন আনি দিন খাই, এত খরচ বহন করা আমাদের পক্ষে অসম্ভব।"
উপজেলা সদরে ভালো মানের কোনো ক্লিনিক না থাকায় বাধ্য হয়ে অনেক গরিব পরিবার স্থানীয় মানহীন লোকাল ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টারে বেশি খরচে সিজার করাচ্ছেন। এর ফলে মা ও নবজাতক উভয়েরই জীবনঝুঁকি বহুগুণ বেড়ে যাচ্ছে। অনেক সময় অপচিকিৎসা বা ভুল সিজারের কারণে রোগী মারা যায়, নয়তো বাঁচলেও পরবর্তী সময়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হন মায়েরা। এলাকার সচেতন মহলের দাবি, দ্রুত এই স্বাস্থ্যকেন্দ্রে সিজারের ব্যবস্থা না করলে এমন দুর্ঘটনা আরও বাড়বে।
এলাকার সচেতন মহলের জোরালো দাবি, মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুততম সময়ের মধ্যে একজন দক্ষ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসক পদায়ন এবং সিজারিয়ান অপারেশনের জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতির ব্যবস্থা করা হোক। এটি বাস্তবায়িত হলে অবহেলিত এই জনপদের সাধারণ ও দরিদ্র মানুষগুলো স্বল্প খরচে ও নিরাপদে দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ পাবে।
এ বিষয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম বলেন, "আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো গাইনি বিশেষজ্ঞ ডাক্তার ও সিজারের ব্যবস্থা নেই। বিষয়টি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। তারা আমাদের অতি দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন।"
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আতিয়া খাতুন বলেন, "বিষয়টি আমি জানি। এ বিষয়ে সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনিও আমাদের আশ্বাস দিয়েছেন যে, খুব দ্রুত সময়ের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে।"
স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি চিকিৎসক ও সিজারিয়ান অপারেশনের ব্যবস্থা নিশ্চিত করবেন, যাতে আর কোনো গরিব মায়ের জীবন বিপন্ন না হয়।