ঠাকুরগাঁওয়ে শ্রমিকদের চিকিৎসা সহায়তা এবং শিক্ষা সহায়তার চেক বিতরণ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক ৩৪তম সভায় অনুমোদিত প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরে নিয়োজিত শ্রমিকদের চিকিৎসা সহায়তা এবং শিক্ষা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুরের আয়োজনে আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক রফিকুল হক। অনুষ্ঠানে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুরের উপ-মহাপরিদর্শক ফরহাদ ওহাবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নাজমুল হক সুমন, ঠাকুরগাঁও জেলা বিএনপির দপ্তর সম্পাদক মামুনুর রশীদ, হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি অতুল প্রসাদ ঘোষ, ঠাকুরগাঁও জেলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বিসিক কর্মকর্তা আরমান আলী, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, হযরত আলী প্রমুখ।
বক্তারা শ্রমিকদের চিকিৎসা সহায়তা এবং শিক্ষা সহায়তাসহ সকল ক্ষেত্রে শুধু সরকার নয়, সরকারের বাইরেও প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগতভাবে শ্রমিকদের সহযোগিতার আহবান জানান। শ্রমিকরা দেশের সম্পদ উল্লেখ করে শ্রমিকদের উন্নয়নে যার যার অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে সরকারি কর্মকর্তা, রাজনীতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, শ্রমিক নেতা ও কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষে শ্রমিকদের মধ্য থেকে ৩৫জনকে বিভিন্ন অংকের আর্থিক সহায়তার চেক এবং একজনকে ভালো পড়াশোনার জন্য শিক্ষা সহায়তার জন্য চেক বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রতি বছরই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, দিনাজপুর এর আয়োজনে শ্রমিকদের উন্নয়নে তাদের চিকিৎসা ও শিক্ষা সহায়তা প্রদান করে তাদের পাশে থাকে সরকার।