দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সারাদেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হবে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন।
সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানান। তিনি বলেন, পূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে বিজিবি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে। এর আওতায় নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি এবং স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদ্যাপন কমিটির সঙ্গে সমন্বয় করা হবে। পাশাপাশি গুজব, সাম্প্রদায়িক উসকানি ও সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বিশেষ নজর রাখা হবে।
বিজিবির এই কর্মকর্তা জানান, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশসহ মোট ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। দুর্গম এলাকায় দ্রুত টহল ও সহায়তা নিশ্চিত করতে অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
ঢাকায় বিজিবি মোতায়েনের বিষয়ে তিনি বলেন, সরকারের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী দায়িত্ব নির্ধারণ করা হবে। প্রয়োজনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করবে বিজিবি।
তিনি আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে।